মেহেরপুরে বাঁশের গুড়ি ভর্তি ট্রাকের ধাক্কায় এলজিইডির কর্মচারী মোজাম্মেল হক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন রিকশাচালক আব্দুল আলীম।
বুধবার সন্ধ্যায় মেহেরপুর পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল হক মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মৃত্যু আব্দুল মোতালেবের ছেলে ও এলজিইডির মেহেরপুর নির্বাহী প্রকৌশলী অফিসের অফিস সহায়ক।
জানা গেছে, মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকা থেকে বাঁশের গুড়ি বোঝাই দ্রুতগতির একটি ট্রাক স্পিড বেকার পার হওয়ার সময় এটির চাকা খুলে যায় এবং মোটরসাইকেল আরোহী মোজাম্মেল হক ও রিকশাচালক আব্দুল আলীমকে চাপা দেয়।
এ সময় তারা দুজনেই রাস্তার উপর লুটিয়ে পড়েন। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক চালক। স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন। রিকশাচালক আব্দুল আলীমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।