শেরপুরের শ্রীবরদীতে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২৮)। ধর্ষণের দায়ে অভিযুক্ত মনিরকে (৩৮) নিয়ে গ্রামে সালিশি বৈঠক বসানো হলে সেখান থেকে পালিয়ে যায় সে। পরে শ্রীবরদী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই গৃহবধূ।
মঙ্গলবার (১৩ জুলাই) রাতে উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নির্যাতিত গৃহবধূ দুই সন্তানের জননী। অভিযুক্ত কৃষক মনিমুক্তা ওরফে মনির (৩৮) পার্শ্ববর্তী রাণীশিমুল ইউনিয়নের বাঘহাতা দক্ষিণপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন হাজীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিত গৃহবধূর স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বর্তমানে তার স্বামী ঢাকায় দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে সেখানেই থাকেন। দুই শিশু সন্তান নিয়ে শ্রীবরদী উপজেলার উত্তর ঘোনাপাড়া গ্রামে বাবার বাড়িতে বসবাস করেন ওই গৃহবধূ। সে সুযোগে মনির তাকে মাঝে-মধ্যেই উত্ত্যক্ত করতো।
আরও পড়ুন: শেষ মুহূর্তে রাজধানীর হাসপাতালে আসছেন বেশিরভাগ রোগী
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনে আমি সেখানে গিয়েছিলাম। বৈঠক চলাকালীন সময়ে একজনের সাথে কথা বলতে চেয়ে মনির দৌঁড়ে পালিয়ে যায়।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস একাত্তরকে বলেন, নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। আমরা চেষ্টা করছি আসামিকে গ্রেপ্তার করতে।
একাত্তর/আরবিএস