মাশরুম চাষে স্বাবলম্বী দিনাজপুরের শাপলা বেগম

মাশরুম চাষ করে স্বাবলম্বী হয়েছেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার নারী উদ্যোক্তা শাপলা বেগম। শুধু নিজে নয় ৩০ জন মাশরুম চাষিকে উদ্বুদ্ধ করেছেন তিনি। তার এই সফলতায় খুশি স্বজনসহ এলাকার মানুষ। 

২০২২ সালে ইউটিউব দেখে মাশরুম চাষে আগ্রহের শুরু দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুরে গৃহবধূ শাপলা বেগমের। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন সফল উদ্যোক্তা। এখন তার মাশরুম দেখতে ভিড় করেন অনেকে। 

শাপলা জানান, ১৫শ টাকার মাশরুম কিনে ছোট্ট একটি জায়গা থেকে ব্যবসা শুরু করেন তিনি। যার নাম দেন মাশরুম ঘর। বর্তমানে দুই রুমে পাঁচশটিও বেশি স্পন রয়েছে তার। যেখান থেকে প্রতিদিন ৫ কেজি মাশরুম তোলেন। তার এই মাশরুম সেন্টার পরিদর্শন করেন সরকারি কর্মকর্তা ছাড়াও আগ্রহীরা। 

আগ্রহিরা নিয়মিত তার কাছ থেকে জেনে নেন মাশরুম চাষের নানা দিক। শাপলা বেগমও নিরলসভাবে উত্তর দেন সবাইকে।

ব্যবসার প্রসার বাড়াতে নারী উদ্যোক্তা ফোরামের সদস্য শাপলা বেগম অংশ নেন বিভিন্ন মেলায়। নিজে সফল হবার পর আরও ৩০ জন উদ্যোক্তা তৈরি করেছেন তিনি।  শাপলা বেগমের মাশরুম ঘর দেখতে প্রতিদিনই ভিড় করেন এলাকার মানুষ। নারী উদ্যোক্তার এমন সফলতায় মুগ্ধ তারা। 

এদিকে শাপলা বেগম সহ স্থানীয় মাশরুম চাষিদের সব ধরণের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ। 

শাপলা বেগম জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাজের পরিধি আরও বাড়াতে পারবেন। 

শাপলা বেগমের এই মাশরুম স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। ৩শ থেকে ৪শ টাকা কেজি দরে মাশরুম বিক্রি হচ্ছে অনলাইনেও।