পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ৫০

মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে পদ্মাসেতুর ১৭ নাম্বার পিলারে সজোরে ধাক্কা দিয়েছে রো রো ফেরি শাহজালাল। 

শুক্রবার (২৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। 

এতে ফেরিতে অবস্থান করা কমপক্ষে ৫০ জন এবং ফেরির কয়েকজন ষ্টাফ আহত হয়েছেন বলে জানা গেছে। একইসাথে ফেরিতে থাকা যানবাহন এবং ফেরিও বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। 

রো রো শাহজালালের মাষ্টার আব্দুর রহমান জানান, অটো ব্রেকার নষ্ট হয়ে যাওয়া কিংবা যান্ত্রিক ত্রুটির কারণে দূর্ঘটনাটি ঘটে। এসময় ফেরির রেম এবং পিছনের অনেকাংশে ফেটে যায়। ফেরির দোতলায় অবস্থিত ক্যান্টিনে থাকা সরঞ্জমাদি ভেঙে চুরমার হয়ে যায়। ফেরিটি মেরামতের জন্য ভাসমান ডক ইয়ার্ডে আনা হয়েছে। 

এদিকে এ ঘটনায় ফেরির মাটারকে বরখাস্ত করা হয়েছে। বিআইডব্লিউটিসি-র সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, সঠিকভাবে পরিচালনায় ব‍্যর্থ হওয়ায় মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার রুটে চলচলারত রো রো ফেরি শাহজালাল এর ইনচার্জ ইনল‍্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

বাংলা বাজার থেকে শিমুলিয়া রুটে চলাচল করা ফেরিগুলোর মধ্যে এই রো রো ফেরিগুলো সবচেয়ে বড়। এসব ফেরিতে অধিক সংখ্যক পরিবহন একত্রে পারাপার হয়। 

একাত্তর/আরএইচ