বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে দলীয় কার্যালয়ে কোনো আগুন লাগেনি বলে দাবি করেছেন উপজেলা বিএনপির নেতা–কর্মী ও স্থানীয় সংসদ সদস্য মোশারফ হোসেন।
তাদের দাবি, কার্যালয় থেকে কিছুটা দূরে নালায় (ড্রেন) জমে থাকা পুরনো ব্যানার-ফেস্টুন, খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছিলো। পরে দূর থেকে সেই আগুনের ভিডিও ধারণ করে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে অপপ্রচার চালানো হচ্ছে।
স্থানীয়রা বলছেন, মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় দুই থেকে তিনজন যুবক কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দিচ্ছেন এবং সেখানে থাকা ব্যানার ও ফেস্টুন পুড়ে যাচ্ছে।
খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা–পুলিশ উপজেলা বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দলীয় কার্যালয়ের ভেতরে আগুন লাগা বা কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমাদের দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর খড় ও ময়লায় আগুন দেওয়া হয়েছে। দূর থেকে মুঠোফোনে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা বলে প্রচার করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচার চালানো হচ্ছে, তা মিথ্যা ও ভিত্তিহীন। কার্যালয় থেকে কিছুটা দূরে রাস্তার পাশে থাকা খড় ও ময়লায় আগুন দিয়ে সেটিকে কার্যালয়ে অগ্নিসংযোগ বলে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের বিভ্রান্তি ও অপপ্রচারের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান তিনি।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে অগ্নিসংযোগের খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। সেখানে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
