ফুলবাড়ীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত দুই

দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী।  

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বারাইহাট এলাকায় ফুলবাড়ী-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার চালক ফুলবাড়ী উপজেলার দক্ষিণ সুজাপুর গ্রামের মো. খাজানুর ইসলামের ছেলে মো. নজরুল ইসলাম (৪৫) ও অটোরিকশার যাত্রী পার্বতীপুর উপজেলার মদনপুর শিয়ালকোট গ্রামের আফজালের স্ত্রী জাহানারা বেগম (৪০)। 

দুর্ঘটনার পরপরই ফুলবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের অবস্থা বেগতিক দেখে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। 

এদিকে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকার উত্তেজিত জনতা আঞ্চলিক মহাসড়কটির যান চলাচল বন্ধ করে দেয় এবং ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ ও সহকারী কমিনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিলে উত্তেজিত জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করে।  

ফুলবাড়ী থানার অফিসার ইনর্চাজ মো. মোস্তাফিজার রহমান বলেন, ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। নিহতদের সুরতহাল শেষে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।