বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মাদারীপুরে প্রকাশ্য দিবালোকে গতিরোধ করে এক বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।  

রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিকাশের ডিস্ট্রিবিউটর সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে বিকাশের বিক্রয়কর্মী আল আমীন (২৩) ও হাসান উদ্দিন (২৫) জেলার ডিস্ট্রিবিউটর হাউস থেকে রাস্তি সেতু হয়ে হাউসদি বাজারে আসছিলেন। দক্ষিণ দুধখালীর রাস্তায় আসলে পেছন থেকে দুইটি মোটরসাইকেল এসে তাদের গতিরোধ করে। 

এসময় আল আমীন মোবাইল বের করলে ছিনতাইকারীরা তাকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। আর হাসান উদ্দিন দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করেন। তাদের সাথে থাকা ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। 

পরে স্থানীয়রা এসে আল-আমীনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। 

খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন ও বিকাশের মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর ঘটনাস্থল পরিদর্শন করেন। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমে বলেন, প্রতিটি চেকপোস্টে সার্চ করা হচ্ছে। এ ঘটনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।