নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দুর্বৃত্তদের হামলায় লুট হওয়া মালামাল ও অস্ত্র উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। এসময় দুটি অস্ত্র ও একটি হ্যান্ডকাপসহ প্রায় চার পিকআপ মালামাল উদ্ধার হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য এলাকায় এলাকায় গিয়ে মসজিদের মাইকে মাইকিং করা হয়েছে। মানুষ তাদের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় মালামালগুলো জমা দিয়ে গেছে। পরে সেগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বুঝিয়ে দেয়া হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, শিক্ষার্থীরা এখন পর্যন্ত দুইটি অস্ত্রসহ কয়েক গাড়ি ভর্তি লুটের মালামাল উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। খুব শিগগিরই থানা পুলিশের কার্যক্রম চালু হবে।