কুমিল্লা ও সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে পাচারের সময় ৬২০ কেজি ও সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে পাচারের সময় আরও ২৭৫ কেজি ইলিশ জব্দ করা হয়।
বিজিবি সদর দপ্তর জানায়, বুধবার দুপুরে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার সিভিল সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে জানতে পারেন, কুমিল্লার বুড়িচংয়ের সীমান্তবর্তী আনন্দপুর এলাকা দিয়ে ভারতে পাচারের জন্য ইলিশের একটি চালান পাহাড়ের টিলায় জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। পরে বিওপির হাবিলদার মো. মাসুদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান চালিয়ে ৩১টি ককশিটের বাক্স ভর্তি ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করে।
অন্যদিকে বুধবার সকালে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান খবর পান সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার সীমান্ত দিয়ে ইলিশের একটি চালান ভারতে পাচার হচ্ছে। পরে বাংলাবাজার বিওপির সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল সীমান্তবর্তী ঘিলাতলী নামক স্থানে অভিযান চালিয়ে ২৭৫ কেজি ইলিশ মাছ জব্দ করে।
বাংলাবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ গণমাধ্যমে বলেন, যাতে কোনো চোরাকারবারি সীমান্ত দিয়ে অবৈধ কোনো ব্যবসা না করতে পারে সেজন্য আমরা নজরদারি বাড়িয়েছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।