ত্বকী হত্যা: আজমেরী ওসমানের গাড়িচালক পাঁচদিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা ব়্যাব। আজমেরী ওসমান প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা।

বুধবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে তোলা হয় জামশেদকে৷ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ‌র‍্যাব সাতদিনের রিমান্ড আবেদন করে, বিপরীতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন৷ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার ভোরে তাকে ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত তিনদিনে এ মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার মো. শাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া ও মো. কাজল হাওলাদারকে আদালতে হাজির করে ছয়দিনের রিমান্ডে নেয় সংস্থাটি৷ 

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়। একদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যায় মেলে ত্বকীর লাশ। 

ত্বকী হত্যার সাথে ওসমান পরিবারের সদস্যরা জড়িত আছেন বলে শুরু থেকে অভিযোগ করে আসছে তার পরিবার। তবে, দীর্ঘসময় পেরিয়ে গেলেও এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র জমা দিতে পারেনি র‌্যাব।

ত্বকী হত্যায় জড়িত আজমেরীসহ অন্যান্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।