অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযানে হামলা, আহত আট

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিতাসের এক কর্মকর্তাসহ আটজন আহত হয়েছেন।  

মঙ্গলবার উপজেলার সনমান্দি ইউনিয়নের জাইদেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির মেঘনা জোনের ম্যানেজার প্রকৌশলী মো. শাকিল মন্ডল বলেন, উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করে আসছিলেন। এতে সরকার বিশাল অংকের রাজস্ব হারাচ্ছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

তিনি আরও বলেন, এসময় তিতাসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে ওই এলাকার প্রায় সাড়ে ৬০০ ফুট গ্যাস লাইন তুলে ফেলা হয়। কিন্তু দুপুর ১২টার দিকে ওই এলাকার প্রায় ৩০-৩৫ জনের স্থানীয় একটি দল লাঠিসোটা, লোহার পাইপ নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় এক কর্মকর্তা ও সাত শ্রমিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এসময় হামলাকারীরা একটি জেনারেটর মেশিন, সংযোগ বিচ্ছিন্নের যন্ত্রাংশ, কোদাল ও উত্তোলিত গ্যাস পাইপ লুট করে নিয়ে যায়। পরে হামলার খবর পেয়ে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাস গ্যাসের অভিযানে হামলার ঘটনার পর যৌথ বাহিনী ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। তবে কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।