তিন পার্বত্য জেলায় ভ্রমণে না যেতে অনুরোধ প্রশাসনের

দেশের তিন পার্বত্য জেলায় আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার বিকেলে জেলা প্রশাসকদের পক্ষ থেকে পর্যটকদের রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ভ্রমণে বিরত থাকার আহবান জানানো হয়।

বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পর্যটকদের অনুরোধ করা গেলো।
 
শাহ মোজাহিদ উদ্দিন গণমাধ্যমকে জানান, এই নির্দেশনা কেবলমাত্র বান্দরবানের জন্য নয়। পার্বত্য চট্টগ্রামের অন্য দুই জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে স্ব স্ব জেলা ম্যাজিস্ট্রেট অনুরূপ প্রজ্ঞাপন জারি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, রাঙামাটির সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সময়ের মধ্যে রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ না করার জন্য আমরা আহবান করছি।

এই সময়ের মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং এরপর পর্যটকরা জেলাগুলোতে ভ্রমণ করতে পারবেন বলেও জানিয়েছেন জেলা প্রশাসকরা। 

এর আগে গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহর, দীঘিনালা উপজেলা এবং ২০ সেপ্টেম্বর রাঙামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় দুই জেলায় চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন শতাধিক মানুষ। 

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত কার্যক্রম চলমান থাকার মধ্যেই গত ১ অক্টোবর ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি-রাঙামাটির জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে।