ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট, প্রাণ গেলো এইচএসসি পরীক্ষার্থীর

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে হা হা রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে শেরপুরের নালিতাবাড়িতে ছুরিকাঘাতে এক এইচএসসি পরীক্ষার্থীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার নয়াবিল গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নাঈম বাদশা (১৮) একই গ্রামের কৃষক সাইফুল ইসলামের ছেলে এবং সরকারি নাজমুল স্মৃতি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর আটক অভিযুক্ত সবুজ আহমেদ (২০) নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া গ্রামের হুরমুজ আলী ভুট্টুর ছেলে। তিনি গাজীপুর এলাকায় সিকিউরিটি গার্ডের কাজ করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সবুজ আহমেদ আর নাইম বাদশা দু'জন বাল্যকালে উপজেলার আন্দারুপাড়া উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সম্প্রতি নাইম বাদশা সবুজ আহমেদের একটি ফেসবুক পোস্টে হা হা রিয়্যাক্ট দেন। এ নিয়ে সবুজ ক্ষোভে নাইমকে হুমকিও দেন। শনিবার সকালে সবুজ নাইমকে মোবাইল ফোনে ডেকে বাড়ির অদূরে কৃষি ব্যাংক নয়াবিল শাখার পেছনে ভোগাই নদীর কাছে নিয়ে যান। সেখানে যাওয়ার পর নাইমের সাথে সবুজের বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে সবুজ নাইমকে পেছন থেকে ছুরিকাঘাত করেন। 

আটক সবুজ আহমেদ (২০)

এসময় সাথে থাকা বন্ধুরা নাইমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পরপরই এলাকাবাসী সবুজকে আটক করে থানায় হস্তান্তর করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, এ ঘটনায় একজন আটক রয়েছে। পাশাপাশি এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।