তিন দফা দাবিতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
রোববার (৩ আগস্ট) রাত থেকে সারাদেশের সাথে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এ অঞ্চলের যাত্রীরা। ছোট যানবাহনে গন্তব্যে পৌঁছাতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাদের। পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
এর আগে রোববার সকালে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে এক পরিবহন শ্রমিক মারধরের শিকার হন বলে অভিযোগ ওঠে। এসময় শিক্ষার্থীরা একটি বাস ভাঙচুর করে। এ বিবাদের ঘটনায় বিকেলে দুই ঘণ্টা সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। পরে তারা ধর্মঘটের ডাক দেন।
সোমবার সকাল থেকে জেলায় সিএনজিচালিত অটোরিকশাও চলছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটকসহ যাত্রীরা।
ছোট যানবাহনে গন্তব্যে পৌঁছাতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে যাত্রীদের। পাশাপাশি গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তাদের।
পরিবহন শ্রমিক ও নেতারা জানান, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের ওপর হামলার বিচার, কারাগারে থাকা শ্রমিকের মুক্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা।