হাতিয়ায় নতুন ফেরি ও অবকাঠামো নির্মাণের আশ্বাস নৌপ্রতিমন্ত্রীর

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নৌপথে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে নতুন ফেরি যুক্ত করাসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের আশ্বাস দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। শনিবার (৪ এপ্রিল) হাতিয়ার চেয়ারম্যানঘাট ও নলচিরা ঘাট পরিদর্শনকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, দ্বীপাঞ্চলের মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার অত্যন্ত আন্তরিক। বাস্তব পরিস্থিতি সরেজমিনে যাচাই করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, হাতিয়ার মানুষের পথচলা সহজ করতে আমরা সমস্যাগুলো সরাসরি পর্যবেক্ষণ করতে এসেছি। বিশেষ করে নদীর উভয় পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নদীর নাব্যতা বজায় রাখতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালিত হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, নৌপরিবহন ব্যবস্থার দীর্ঘমেয়াদি উন্নয়নে মন্ত্রণালয়ের আরও কিছু বড় পরিকল্পনা রয়েছে। সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের জন্য একটি নিরাপদ ও আধুনিক নৌ-যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্থানীয় বাসিন্দারা প্রতিমন্ত্রীর এই সফরকে হাতিয়ার বিচ্ছিন্ন জনপদের যাতায়াত দুর্ভোগ লাঘবে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।