শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি।
শুক্রবার (১ মে) মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শ্রমিকদের প্রতি আমাদের সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। আমরা যেমন চেষ্টা করছি শ্রমিকদের কাজ ফিরিয়ে দিতে, তেমনি তারা যেন নিয়মিত ন্যায্য মজুরি পান সেটি নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, একইসাথে সরকারের পক্ষ থেকে আপনাদের (শ্রমিকদের) পরিবারের সচ্ছলতা ফেরাতে নানা উদ্যোগ চলমান থাকবে।
বক্তব্য শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে মহান মে দিবসের বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য দেন।