শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ কাউকে বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে আমরা পরিবর্তন চেয়েছিলাম। দেশে কোনো পরিবর্তন হয়নি। মাদক কারবারি বন্ধ হয়নি। চাঁদাবাজি বন্ধ হয়নি। দলীয়করণ বন্ধ হয়নি। জমি দখল বন্ধ হয়নি।
তিনি আরও বলেন, আপনার জমি দখল হলে কোথায় যাবেন? মিডিয়া, পুলিশ, আদালত, সব দলীয়করণ হয়ে গেলে কোথাও ন্যায়বিচার পাবেন না। এই সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তন চাইলে, সংস্কার বাস্তবায়ন চাইলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে। আমাদের মাত্র আটজন পার্লামেন্টে। এই আটজন জনগণের পক্ষে একশো জনের ভূমিকা পালন করছে। এনসিপি প্রধান বিরোধী দল হলে, জনগণের পক্ষে আরও বেশি ভূমিকা রাখতে পারতো। আগামীতে আমাদের সমর্থন দিলে এনসিপি চাঁদাবাজি, মাদক নির্মূল করবে।
রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এতদিন পর রাষ্ট্রপতির পদত্যাগ করতে মন চাচ্ছে। পাঁচ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি বিএনপি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি, তারা কীভাবে রাষ্ট্র পরিবর্তন করতে হবে। শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে। যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজনকে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিএনপি যোগ্য, জনপ্রিয় কাউকে রাষ্ট্রপতি বানাতে চায় না।
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা সামনে ছিল উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, পেছন থেকে সহযোগিতা করেছে সর্বস্তরের জনতার। কিছুদিন আগে জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই। আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, এ ঘটনায় কয়জন গ্রেপ্তার হয়েছে। ফ্যাসিস্টদের তাণ্ডব লীলা চালায়, তাহলে এর দায় পুলিশ প্রশাসন এবং সরকারকে নিতে হবে।
পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারছিস আলম, যুগ্ম সদস্যসচিব লুতফুর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।