নেত্রকোনায় গোরস্থানের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নেত্রকোণার কলমাকান্দায় একটি গোরস্থানকে কেন্দ্র করে বিরোধ ও আধিপত্য বিস্তারকে ঘিরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় দোকানপাট ও বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমগড়া ও পুলিয়া পানেশ্বরপাড়ার বাসিন্দাদের মধ্যে একটি গোরস্থানের জমির মালিকানা ও ওয়াক্‌ফ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুই গ্রামের মানুষই দীর্ঘদিন ধরে ওই গোরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করে আসছেন। গোরস্থানের পাশে বাজার নির্মাণসহ বিভিন্ন বিষয় নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল।

শুক্রবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় রাস্তার নির্মাণকাজের জন্য রাখা ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোরস্থানের জমির মালিকানা ও ওয়াক্‌ফ সম্পত্তি নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।