বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত সাত

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (৩০)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রীসহ মোট আটজন মাইক্রোবাসযোগে জয়পুরহাটের আক্কেলপুরে ফিরছিলেন। ভোরে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুলবশত মহাসড়কের বিপরীতমুখী (রং সাইড) লেনে উঠে পড়ে। ঠিক ওই সময়েই বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

​সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল এবং যাত্রী জুবায়েদুল ইসলাম মারা যান। 

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

​দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।