বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোকামতলা উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের জোট গড়ে দেশে অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের সচেতন মানুষ ও বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।
এ সময় লংমার্চ কর্মসূচির নামে বিপুল পরিমাণ জ্বালানি অপচয়ের সমালোচনা করেন তিনি।
বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ দুই দশক নানা নির্যাতন সহ্য করে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করেছে। তাই হুমকি-ধমকিতে দলটি পিছপা হবে না।
উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম এমপি বলেন, বর্তমান সরকার মোকামতলাসহ এ অঞ্চলের উন্নয়নে কাজ করছে। একই সঙ্গে দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে, যাতে উন্নয়নের সুফল প্রতিটি এলাকার মানুষ সমানভাবে ভোগ করতে পারেন।
মশাল মিছিল ও সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।