নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুনের খবর মিথ্যা ও গুজব

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুনের যে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন ও গুজব। সরেজমিনে দেখা গেছে, কার্যালয় থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায় আবর্জনার স্তূপে পরিত্যক্ত কাগজ ও ব্যানার পুড়িয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য, বিএনপি নেতারা এবং পুলিশও বিষয়টি নিশ্চিত করেছেন।  তারা বলছেন, প্রকৃতপক্ষে মূল কার্যালয় ভবন সম্পূর্ণ অক্ষত রয়েছে; কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ড্রেনের আবর্জনার স্তূপে আগুন দেওয়া হলে সামনের কিছু পরিত্যক্ত ব্যানার ও ফেস্টুন ক্ষতিগ্রস্ত হয়।

মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের একটি স্থানে আগুন দেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অজ্ঞাত দুই থেকে তিনজন যুবককে আগুন দিতে দেখা যায়, যাতে সেখানে থাকা কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়। পরদিন বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা পুলিশ উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় কার্যালয়ের ভেতরে আগুন লাগা বা কোনো ধরনের ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন সরেজমিনে কার্যালয় পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত
বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন সরেজমিনে কার্যালয় পরিদর্শন করে বলেন, কার্যালয় থেকে খানিকটা দূরে ড্রেনের ওপর জমে থাকা খড়, ময়লা ও পরিত্যক্ত কাগজে আগুন দিয়ে ভিডিও ধারণ করা হয়েছে এবং সেটিকে বিএনপি কার্যালয়ে আগুন বলে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এ ধরনের অপপ্রচারের নিন্দা জানাই।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার অপপ্রচার চালাচ্ছেন। নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবরটিও নিছক গুজব।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার জানান, দলীয় কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ময়লার ড্রেনের ওপর আবর্জনা ও পুরোনো কাগজে আগুন দিয়ে দূর থেকে মোবাইলে ভিডিও ধারণ করা হয়। তিনি বলেন, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে আমরা মামলা করতাম। যার ঘর পুড়েছে তার মাথাব্যথা নেই, উল্টো ফেসবুকে ভুয়া ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে বুধবার সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কার্যালয়ের আগুন বা কোনো ক্ষয়ক্ষতি দেখতে পাননি। আগুনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।