কলাপাড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কের শেখ কামাল সেতুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে দশটার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফখরুল ইসলাম (২০) সুনামগঞ্জ জেলার ছাতক থানার খায়েরগাঁও গ্রামে আজির উদ্দিনের ছেলে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ফখরুলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এইচ খান লেলিন জানিয়েছেন, দুর্ঘটনায় মাথায় আঘাত লাগায় ও অতিরিক্ত রক্তক্ষরণে ফখরুলের মৃত্যু হয়েছে।

কলাপাড়া থানার এসআই গোলাম মাওলা জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বাস রেখে এর চালক ও সুপারভাইজার পালিয়েছে। আইনি পদক্ষেপ নেওয়া হবে।