পিরোজপুরে ঈগলের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগ

পিরোজপুর-১ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের উদয়কাঠি এলাকার গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুম জানান, ঈগল প্রতীকের ওই নির্বাচনী অফিসে রাত ১১টা পর্যন্ত নেতাকর্মীরা কাজ করছিলেন।  কাজ শেষে তারা চলে যাওয়ার পর কে বা কারা অফিসটিতে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। এতে কয়েকটি চেয়ার এবং ওই অফিসের কিছু অংশ পুড়ে যায়।

স্থানীয় চেয়ারম্যান মো. হেদায়াতুল ইসলাম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাধারণ ভোটারদের মাঝে ভীতি সঞ্চারের জন্য প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করেন তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দিদারুজ্জামান শিমুল উল্টো অভিযোগ করে বলেন, এটি একটি রাজনৈতিক দুরভিসন্ধিমূলক মিথ্যা ঘটনা। ওই এলাকার শুক্রবারের নৌকার পথসভায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এটি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে এম এ আউয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। আগুনের সূত্রপাত কখন এবং কারা আগুন নেভায় এ বিষয়ে কোনো তথ্য স্থানীয়রা দিতে পারেননি। তবে অগ্নিসংযোগের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান তিনি।