আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার

পুটয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে সাবেক এক বন কর্মকতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল ১০টার দিকে জেলার কলাপাড়া উপজেলার আলীপুরে ভাই ভাই আবাসিক হোটেলের ১১ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। 

ওই ব্যক্তির নাম শফিকুর রহমান। তিনি চাঁদপুরের বাকরপুর গ্রামের মতিউর রহমানের ছেলে। শফিকুর ১৯৯৫ সালে কলাপাড়ায় বন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

হোটেলটির কর্মচারীরা জানান, জমি সংক্রান্ত বিষয়ে মামলা গত বছরের এক ডিসেম্বর থেকে তিনি এই হোটেলে অবস্থান করছিলেন। 

মহিপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, হোটেল কর্মচারী ও স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেল কক্ষে খাটের পাশে দেয়ালের সঙ্গে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের বাম হাতের চামড়া উঠানো ছিল।

তিনি জানান, হোটেল থেকে উদ্ধারের পর কুয়াকাটা হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এই পুলিশ কর্মকর্তা জানান, পরিবারের খবর দেওয়া হয়েছে। তাদের কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।