বরগুনার বেতাগীসহ জেলার বিভিন্ন স্থানে রাতের আঁধারে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়া ও ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র বলছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতের বিভিন্ন সময়ে উপজেলা পরিষদ ভবন, পৌরসভা কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এছাড়া বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত একটার দিকে বেতাগী উপজেলা পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দেয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই সময়ে বেতাগী পৌরসভা কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা পৌরসভার একটি ট্রাকে আগুন দেওয়া হয়। পরে বেতাগী সরকারি কলেজেও তালা ঝোলানো হয়। পাশাপাশি বেতাগী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়।
রাতের বিভিন্ন সময়ে জেলার আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর মধ্যে রয়েছে বেতাগীর বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া হোসনাবাদ ও মোকামিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়েও তালা দেওয়া হয়।
প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি বেতাগী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদারের পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়। একই রাতে পাথরঘাটা সরকারি কলেজ এবং বামনা উপজেলার রামনা শের-ই-বাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়েও তালা ঝুলিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের চান্দখালী বাইপাস এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করে রাখা হয়। রাতভর একের পর এক এসব নাশকতামূলক ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
এসব ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।