চাঁদপুরের ফরিদগঞ্জে মামলাসংক্রান্ত বিরোধের জেরে স্ত্রীর বড়ো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ভগ্নিপতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তির নাম মো. শাহাদাত হোসেন সরদার (৫৬)। তিনি ফরিদগঞ্জ উপজেলার মনতলা এলাকার দিগধাইর গ্রামের সরদার বাড়ির বাসিন্দা। অন্যদিকে নিহত কামরুল হাসান রতনকে (৪০) রতন একই গ্রামের মো. আবুল বাসারের ছেলে।
মামলার নথিপত্র সূত্রে জানা গেছে, শাহাদাত নিহত কামরুলের বোন আঞ্জুমা বেগমের স্বামী। পারিবারিক কলহের জেরে শাহাদাত তার স্ত্রীকে মারধর করে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেন। এ ঘটনায় আঞ্জুমা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। এছাড়া কামরুলের সঙ্গে অসদাচরণের ঘটনায় শাহাদাতের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করা হয়েছিলো। এসব বিরোধের জেরে ক্ষিপ্ত হয়ে কামরুলকে হত্যার পরিকল্পনা করেন শাহাদাত।
এর ধারাবাহিকতায় ২০২২ সালের ২০ এপ্রিল বিকেল সাড়ে চারটার দিকে দিগধাইর গ্রামের মনিরের চায়ের দোকানের সামনে কামরুলকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করেন শাহাদাত। এতে ঘটনাস্থলেই কামরুলের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় ওই দিনই নিহত ব্যক্তির ছোট ভাই আরমান হোসেন বাদি হয়ে শাহাদাতকে আসামি করে ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও তৎকালীন ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বরকত উল্যাহ তদন্ত শেষে ২০২২ সালের দুই নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) কোহিনুর রশিদ জানান, প্রায় চার বছর ধরে মামলার বিচারিক কার্যক্রম চলাকালে আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ ও আসামির অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মামলার নথিপত্র পর্যালোচনা শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন।