সুইডেনের ডালার্না অঞ্চলের এক ছিমছাম গ্রাম। চারপাশে লাল কাঠের বাড়ি, নিবিড় বন আর খোলা মাঠ। বাইরে থেকে দেখলে যে কারও মনে হতে পারে, এমন পরিবেশে বেড়ে ওঠা যেকোনো শিশুর শৈশবই বুঝি রূপকথার মতো সুন্দর। কিন্তু বাংলাদেশ থেকে দত্তক হয়ে সুইডেনে যাওয়া সোফিয়া নর্ডগ্রেনের জীবনের গল্পটা ছিলো ঠিক তার উল্টো।

অর্ধশতাব্দী পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে জন্মদাত্রী মাকে খুঁজে পেলেও, আজও তিনি খুঁজে ফেরেন নিজের প্রকৃত ঠিকানা—যেখানে কোনো প্রশ্ন ছাড়াই তাঁর জায়গা হবে পরিবারের ফ্রেমে। কাগজপত্রের ধূসর অক্ষরে লেখা ছিলো—মা মারা গেছেন। সেই বিশ্বাস নিয়েই সুইডেনের উন্নত সমাজে বড়ো হয়েছিলেন সোফিয়া। কিন্তু গায়ের চামড়ার রং আর শেতাঙ্গ সমাজের নিষ্ঠুর বর্ণবাদ তাকে বারবার মনে করিয়ে দিতো, তিনি এ সমাজের কেউ নন। দীর্ঘ অর্ধশতাব্দী ধরে একাকী লড়াই, পরিচয়হীনতার শূন্যতা আর শেকড় খোঁজার জেদ শেষে এক টুকরো ডিএনএ রিপোর্ট বদলে দিয়েছে তার জীবনের গল্প। কাগজপত্রের মিথ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে সোফিয়া খুঁজে পেয়েছেন তার জন্মদাত্রী মা রাহিমা খাতুনকে।

বর্ণবৈষম্য আর অনাদরের শৈশব
১৯৭৬ সালে মাত্র দুই বছর বয়সে ঢাকার একটি দাতব্য সংস্থার (মিশনারিজ অব চ্যারিটি) মাধ্যমে সোফিয়াকে দত্তক নিয়েছিলেন সুইডেনের নর্ডগ্রেন লার্স গুস্তাভ ও ভিওলার পরিবার। শৈশবে সুইডিশ পালক বাবা-মা এবং তাদের তিন বছরের বড়ো নিজের মেয়ের সঙ্গেই বড়ো হয়েছেন সোফিয়া। বোন ছিলেন শান্ত ও বইপড়ুয়া, আর সোফিয়া ছিলেন দুরন্ত—বাস্কেটবল, অ্যাথলেটিক্স, জ্যাজ ডান্স কিংবা গিটারে ছিলো তার প্রবল আগ্রহ। কিন্তু গায়ের রঙের কারণে পুরো এলাকায় তিনি হয়ে উঠেছিলেন আলাদা এক ‘বাদামী মেয়ে’।
স্কুলে প্রতিনিয়ত বর্ণবাদী গালাগালি, অযাচিতভাবে চুলে হাত দেওয়া কিংবা অদ্ভুত সব প্রশ্নের মুখোমুখি হতে হতো তাকে। সবচেয়ে কষ্টের বিষয় ছিলো, পালক মায়ের সামনে এমন ঘটনা ঘটলেও তিনি বেশিরভাগ সময় নীরব থাকতেন। ঘরের ভেতরেও নিজের জায়গাটা কখনো নিরাপদ মনে হয়নি সোফিয়ার। পালক মায়ের আচরণে বড়ো বোনের সঙ্গে নিজের পার্থক্যটা স্পষ্ট বুঝতে পারতেন তিনি। বাবা-মায়ের বিচ্ছেদের পর সোফিয়ার জীবন আরও অনিশ্চিত হয়ে পড়ে। কখনো বাবার কাছে, কখনো মায়ের কাছে—এভাবেই কাটতে থাকে দিন। সামান্য রাগ বা ঝগড়া হলেই মা বলতেন জিনিসপত্র গুছিয়ে বাবার কাছে চলে যেতে। বারবার ঘর ছাড়ার এই অভিজ্ঞতা ছোট্ট সোফিয়ার মনে গভীর ক্ষত তৈরি করে। তার মনে প্রশ্ন জাগত—‘মা কি আমাকে ভালোবাসেন? আমি কি যথেষ্ট ভালো নই?’ এই প্রশ্নগুলোই পরবর্তী সময়ে তার আত্মবিশ্বাস ও সম্পর্ক গড়ার ক্ষেত্রে বড়ো প্রভাব ফেলে।

একাত্তরকে সোফিয়া বলেন, আমি যখন সুইডেনে বড়ো হচ্ছিলাম, তখন আমি একটি ছোট গ্রামীণ এলাকায় বডড়ো হয়েছি। সেখানে শুধু শ্বেতাঙ্গ সুইডিশ মানুষই ছিলো। আমি যেখানে বড়ো হয়েছি, সেখানে আমিই ছিলাম একমাত্র বাদামী ত্বকের মানুষ। আর এ কারণে মানুষ আমাকে নিয়ে ঠাট্টা-তামাশা করত, উত্যক্ত করতো এবং বর্ণবাদী আচরণ করত—কারণ আমার গায়ের রঙ ছিল কালো। এছাড়া আমার পালক বাবা-মায়ের মধ্যেও প্রচুর ঝগড়া-বিবাদ হতো। তাদের নিজেদের একটি জৈবিক কন্যাসন্তানও ছিলো এবং তারা আমাদের দুইজনের সঙ্গে ভিন্ন আচরণ করতো। তাই নিজেকে সবসময় একজন বহিরাগত মনে হতো।

অজানা শেকড় ও প্রথম অনুসন্ধান
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের পরিচয় জানার তাগিদ তীব্র হতে থাকে সোফিয়ার। দত্তক নেওয়ার কাগজপত্রে লেখা ছিলো, তার জন্মদাত্রী মা মারা গেছেন এবং বাবা জীবিত আছেন। ১৯৯৯ সালে নার্সিংয়ের প্রশিক্ষণ শেষ করে স্টকহোমে থিতু হওয়ার সময় হঠাৎই কিছু টাকা জমিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন তিনি।
বাংলা ভাষা একেবারেই জানতেন না সোফিয়া। কাগজপত্রে থাকা ঠিকানা ধরে চাঁদপুরের গৃদকালিন্দিয়া ও চরমুগরিয়া এলাকায় গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু সেই প্রথম সফরই তাকে ফেলে দেয় চরম বিভ্রান্তিতে। একদিন তার সামনে এক অচেনা নারীকে এনে দাঁড় করিয়ে বলা হয়, তিনিই তার মা। হতবাক ও বিভ্রান্ত হয়ে যান সোফিয়া—মৃত বলে জানা মানুষটি কীভাবে বেঁচে থাকতে পারেন? সে সময় ডিএনএ পরীক্ষার আধুনিক সুযোগ না থাকায় এবং ভাষার বাধাও ছিলো প্রবল। ফলে কোনো নিশ্চিত উত্তর ছাড়াই একরাশ প্রশ্ন নিয়ে সুইডেনে ফিরে যান তিনি।

৩০ বছরের ক্যারিয়ার ও ২০২৪-এর মোড়
জীবনের তাগিদে সুইডেনে ফিরে নিজস্ব এক জগত তৈরি করেন সোফিয়া। ত্রিশ বছরেরও বেশি সময় নার্স হিসেবে কাজ করার পাশাপাশি হয়ে ওঠেন লেখক, পাবলিক স্পিকার ও স্ট্যান্ড-আপ কমেডিয়ান। সুইডিশ টেলিভিশন থেকে শুরু করে নিউইয়র্ক ও বেলগ্রেডের আন্তর্জাতিক মঞ্চেও কথা বলেছেন তিনি। তবুও তার ভেতরের সেই ছোট্ট মেয়েটি অপেক্ষায় ছিলো সত্য জানার।

২০২৪ সালে মাত্র দশ দিনের ব্যবধানে সোফিয়ার পালক বাবা ও মা দুজনেই মারা যান। শোকের এই মুহূর্তে পুরনো স্মৃতির পাশাপাশি আবারও মাথাচাড়া দিয়ে ওঠে বাংলাদেশের সেই বৃদ্ধা নারীর কথা। সত্যটা জানার জন্য ২০২৫ সালে দুইবার বাংলাদেশে আসেন সোফিয়া। এবার আর কারও মুখের কথায় নয়, করান ডিএনএ পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করানো সেই পরীক্ষার নমুনা সুইডেনে পাঠানো হয় এবং ফলাফল আসে পজিটিভ। প্রমাণিত হয়—ওই নারীই তার জন্মদাত্রী মা রাহিমা খাতুন। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি বেঁচে ছিলেন, অথচ মা ও মেয়ে কেউ কারও খোঁজ জানতেন না।

দুটি দেশ, দুটি ছবি, তবুও শূন্যতা
মায়ের পরিচয় নিশ্চিত হওয়ার পর জীবনের এক নতুন দরজা খুললেও সোফিয়ার সামনে এসে দাঁড়ায় আরেক বাস্তবতা। মা ও মেয়ের ভাষা আলাদা, জীবনযাপনও ভিন্ন। বয়স ও অসুস্থতার কারণে তার মায়ের পক্ষে হয়তো কোনোদিন সুইডেনে গিয়ে মেয়ের জীবন দেখা সম্ভব হবে না। পঞ্চাশ বছরের এই বিশাল শূন্যতা শুধু ডিএনএ-এর মিল দিয়ে পূরণ হওয়ার নয়।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সোফিয়া দুটি পারিবারিক ছবির কথা বলেন—একটি সুইডেনে তার পালক বাবা-মা ও তাদের জৈবিক কন্যার, অন্যটি বাংলাদেশে তার জন্মদাত্রী মা ও তার আরেক মেয়ের। দুটি পরিবার, দুটি দেশ, দুটি ছবি—কিন্তু কোনো ছবিতেই সোফিয়া নেই। তার আক্ষেপ, এমন কোনো ছবি তার নেই যেখানে তাকে ব্যাখ্যা করতে হবে না যে তিনি কে বা কেন সেখানে আছেন।

১৯৭৬ সালের কোনো এক সকালে দুই বছরের সোফিয়াকে কোলে নিয়ে চাঁদপুরের চরমুগরিয়া বাজারে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন বাবা, কিন্তু ফেরেন খালি হাতে। সেই থেকে মায়ের কোল হারা সোফিয়া। পাগলপ্রায় মায়ের তিন-তিনটি সন্তান মারা গেলেও সোফিয়া ছিলেন সবচেয়ে আদরের। কিন্তু কেন একজন বাবা তার দুই বছরের শিশু সন্তানকে ত্যাগ করলেন? গ্রামের পথে পথে বা বাবার কবরের পাশে দাঁড়িয়েও সোফিয়া আজও সেই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন।

নিজের গল্পের নতুন শুরু
জীবনের এই দীর্ঘ পথচলা শেষে সোফিয়া আজ উপলব্ধি করেছেন, শুধু রক্তের সম্পর্ক মানুষকে ‘ঘর’ এনে দেয় না। বাংলাদেশ তার জন্মভূমি আর সুইডেন তার জীবন। এই দুই দেশের স্মৃতি, দত্তক হওয়ার বেদনা, হারিয়ে যাওয়া, খুঁজে পাওয়া, রাগ, ভালোবাসা আর ক্ষমা—সবকিছু নিয়েই আজকের সোফিয়া।

পরিবারের পুরনো অ্যালবামে জায়গা না পেলেও, নিজের জীবনের ক্যানভাসে নিজের জায়গাটা তিনি নিজেই তৈরি করে নিয়েছেন। যেখানে তিনি কারও হারানো সন্তান নন, কারও অসম্পূর্ণ গল্প নন—বরং নিজের আঁকা ছবির ঠিক মাঝখানেই তিনি সগৌরবে দাঁড়িয়ে আছেন। কাগজপত্রের মিথ্যা প্রমাণের দেয়াল ভেঙে ডিএনএ-র এক টুকরো কাগজ কীভাবে ৫০ বছরের দূরত্ব ঘুচিয়ে দিতে পারে, সোফিয়াই তার সবচেয়ে বড়ো প্রমাণ।
