বরগুনায় ঘুষের লাখ টাকাসহ পৌর উপসহকারী প্রকৌশলী আটক

বরগুনার আমতলীতে ঘুষ লেনদেনের অভিযোগে রুবেল খান নামের এক পৌর উপসহকারী প্রকৌশলীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার কাছ থেকে উদ্ধার করা এক লাখ টাকার নোটের নম্বরের সঙ্গে আগে থেকে চিহ্নিত ঘুষের টাকার নম্বর মিলে যাওয়ার পর তাকে আটক করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আমতলী পৌর শহরে দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

দুদক সূত্রে জানা গেছে, আমতলী পৌরসভার সামনে সেন্ট্রাল লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পের বিল পরিশোধের বিনিময়ে সংশ্লিষ্ট ঠিকাদারের কাছে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন রুবেল খান। ঘুষ না দিলে বিল আটকে রাখা এবং কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় গত ১৯ নভেম্বর দুদকের কাছে লিখিত অভিযোগ করেন ওই ঠিকাদার।

অভিযোগ পাওয়ার পর ঘুষের টাকার নোটের নম্বর আগে থেকেই নথিভুক্ত করে রাখে দুদক। পরে অভিযোগকারীকে ওই টাকা প্রকৌশলীর কাছে পৌঁছে দিতে বলা হয়। সোমবার অভিযান চালিয়ে রুবেল খানের পকেট থেকে এক লাখ টাকা উদ্ধার করেন দুদক সদস্যরা। উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা নোটের নম্বরের সঙ্গে পূর্বে সংরক্ষিত নম্বর মিলিয়ে দেখা হয়। নম্বর মিলে যাওয়ায় তাকে আটক করা হয়।

দুদকের পটুয়াখালী-বরগুনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক তাপস বিশ্বাস বলেন, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এবং উদ্ধার করা টাকার সঙ্গে আগে থেকে চিহ্নিত নোটের নম্বর মিলে যাওয়ায় রুবেল খানকে আটক করা হয়েছে। পরে তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।