বাড়ির ছাদে গাঁজা চাষ, কেয়ারটেকার গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বাড়ির ছাদে গাঁজা চাষ করার অভিযোগে এক কেয়ারটেকারকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

রোববার রাতে সোনাইমুড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার সিরাজুল ইসলাম (৪০) ফেনী জেলার সোনাগাজী উপজেলার মংগলকান্দি ইউনিয়নের বাসিন্দা। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বাড়ির মালিক আলাউদ্দিন দীর্ঘদিন ধরে বাড়িতে থাকেন না। কেয়ারটেকার সিরাজুল ইসলাম বাড়ির সবকিছু দেখাশোনা করেন। মালিকের অনুপস্থিতিতে সিরাজুল বাড়ির ছাদে গাঁজা চাষ করছিলেন। 

গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী সেখানে অভিযান চালায়। এসময় দোতলার ছাদ থেকে তিন ফুট উচ্চতার বা ২৭০ গ্রাম ওজনের একটি গাঁজা গাছসহ সিরাজুলকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।