চাঁদপুরের হাজীগঞ্জে বৃদ্ধ দম্পতি উত্তম চন্দ্র বর্মন ও কাজলী রানী বর্মন হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির তথ্যের ভিত্তিতে চুরি হওয়া বিভিন্ন আলামতও জব্দ করেছে পুলিশ।
রোববার বিকেলে এক সাংবাদিক সম্মেলনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, চুরির উদ্দেশ্যে ও ভয়ভীতি দেখিয়ে বৃদ্ধ দম্পতিকে বাড়ি থেকে বের করে দেয়ার পরিকল্পনা করেছিলেন অভিযুক্তরা। তবে ঘটনার রাতে বৃদ্ধ দম্পতি তাদেরকে চিনে ফেলায় এ হত্যার ঘটনা ঘটান তারা।
গ্রেপ্তারদের মধ্যে সোহাগ হোসেন ও মিজান ওরফে গোলাম আজম হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ৮ সেপ্টেম্বর সকালে উপজেলার বড়কুল ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর বড়কুল এলাকা থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করে পুলিশ।