নোয়াখালীতে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের কারাদণ্ড

নোয়াখালীর সদর উপজেলায় ইয়াবা সেবনের দায়ে নারীসহ চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পৃথক দুটি ঘটনায় ওই চারজনকে দণ্ড দেয়া হয়।

বুধবার বিকেলে আলাদা দুটি ভ্রাম্যমাণ আদালত উপজেলার দুই স্থানে অভিযান চালায়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়েজীদ-বিন-আখন্দ একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ইয়াবা সেবনের দায়ে ফারহানা খানম টুপুর (৩০) নামের এক নারীকে আটক করা হয়।

পরে ওই নারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশ’ টাকা জরিমানা অনাদায়ে আরও দুইমাসের বিনাশ্রম দণ্ড দেয়া হয়।

অপরদিকে, গাঁজা সেবনের দায়ে জেলার সোনাইমুড়ী উপজেলা তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে অপর একটি ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার বারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন মিয়া এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

অভিযানে ঘটনাস্থল থেকে ৩০ গ্রাম ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বারগাঁও ইউনিয়নের রশিদ মিয়ার নতুন বাড়ির বাবুল মিয়াকে (৪৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ’ টাকা অর্থদণ্ড, একই ইউনিয়নের রমযান আলী রুবেলকে (৩২) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২শ’ টাকা অর্থদণ্ড ও উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজর গ্রামের মো. মানিককে (৪০) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।