নোয়াখালীর চৌমুহনীতে শিয়ালে মাংস বিক্রি দায়ে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকেলে বেগমগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল বাশার (৫৫) ঔষধি গুণাগুণ সম্পন্ন মাংস হিসেবে আখ্যা দিয়ে শিয়ালের মাংস বিক্রি করছিলেন। বাশার সেনবাগ উপজেলার মইজদীপুর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক স্কোয়াড কমান্ডার গোলাম মোর্শেদ জানান, বুধবার বিকেলে চৌমুহনী বাজারের ব্যাংক রোড এলাকায় শিয়ালের মাংসকে ঔষধি গুণ সম্পন্ন মাংস বলে বিক্রি করছিলেন আবুল বাশার।
স্থানীয়দের মাধ্যমে এ সংবাদ পেয়ে বেগমগঞ্জের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের নেতৃত্বে র্যাব অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ -এর ৫৩ ধারায় অভিযুক্তকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
গোলাম মোর্শেদ আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়- আসামি আবুল বাশার অধিক মুনাফা লাভের আশায় অনেকদিন ধরেই শিয়ালের মাংস বিক্রি করে আসছিলেন।