সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটে যাওয়া ‘ট্রয়কাণ্ডে’র পর এবার জুয়া খেলা নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়েছে দুই দল গ্রামবাসী। সংঘর্ষে বেশ কিছু বাড়িঘর ভাঙচুর, লুটপাট, আগুন দেওয়াসহ আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ৩০ জন। তারা বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বে বিরাসার গ্রামের বাবুল মিয়ার বড় গোষ্ঠীর আলামিন একই গ্রামের মিজান আনসারির সাহেব বাড়ি গোষ্ঠীর মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করে। এ নিয়ে সোমবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এরই জের ধরে মঙ্গলবার সকাল থেকে উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তারা জানান, সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি পিস্তলের ব্যবহার করতেও দেখা গেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০টি বাড়ি ঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধারসহ তিন জনকে আটক করেছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।