চট্টগ্রামে এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের (এএসপি) গুলিবিদ্ধ মরদেহ তার অফিস কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে। এসময় মরদেহের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। কর্মকর্তাদের দাবি, তিনি নিজের ব্যবহৃত পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন।
বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে তার অফিস কক্ষে এই ঘটনা ঘটে।
নিহত পুলিশ কর্মকর্তার নাম পলাশ সাহা। তিনি চট্টগ্রামে র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে কর্মরত ছিলেন। তার বর্তমান ঠিকানা ঢাকার ওয়ারীতে হলেও গ্রামের বাড়ি গোপালগঞ্জে বলে জানা গেছে।
র্যাব-৭ কর্মকর্তারা জানান, বেলা সাড়ে ১১টার দিকে একটি অপারেশনে অংশ নেওয়ার কথা ছিল পলাশের। এজন্য ক্যাম্পের অস্ত্রাগার থেকে নিয়ম অনুযায়ী পিস্তল সংগ্রহ নিজ কক্ষে ফিরে যান। এর কিছুক্ষণ পর তার অফিস কক্ষে থেকে শব্দ হলে সহকর্মীরা গিয়ে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে রওনা হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কর্মকর্তারা জানান, তার অফিস কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।’
র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।