মারিয়ার মরদেহ ভেসে ওঠে নদীতে, সামিয়ারটা আটকে ছিলো জালে

ব্রাহ্মণবাড়িয়ায় গরু আনতে গিয়ে খালের স্রোতে ভেসে দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া মাঠে এ দুর্ঘটনা ঘটে। পরে শনিবার (৩১ মে) সকাল ছয়টার দিকে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় তিতাস নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতরা হলো- গোকর্ণ গ্রামের মিনার আলীর মেয়ে মারিয়া (১১) ও সামিয়া (৮)। 

তাদের পরিবার ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে মারিয়া ও সামিয়া আকাশিয়া মাঠে গরু আনতে যায়। ফেরার পথে খালের পাশ দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ তীব্র স্রোতে তারা ভেসে যায়। বিষয়টি জানতে পেরে স্বজন ও স্থানীয়রা নৌকা নিয়ে রাতভর খোঁজ করে। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতায় অংশ নেয়।

শিশুদের চাচা চাচা দুলাল আহমেদ বলেন, সারারাত খুঁজেছি, কেউ ঘুমায়নি। ফায়ার সার্ভিস, পুলিশ সবাই চেষ্টা করেছে। সকালে নদীতে ভেসে উঠে মারিয়ার লাশ, সামিয়ারটা জালে আটকে ছিল। 

গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন বলেন, বর্ষাকালে নদী বা খালের আশপাশে চলাচলে সবাইকে আরও সতর্ক হতে হবে। পরিবারটিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।