চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন নিলাম শেডে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানায়, সকাল ৯টার দিকে বন্দর স্টেডিয়ামের নিলাম শেডে আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশন থেকে তাৎক্ষণিকভাবে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার কর্মীদের টানা প্রচেষ্টায় সকাল ৯টা ৪৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে ফায়ার সার্ভিস ও বন্দরকর্মী ছাড়া অন্য কাউকে ওই শেডের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আমদানিকারকরা দীর্ঘ সময় ধরে বন্দর থেকে যেসব পণ্য খালাস করেননি, সেগুলো নিলামযোগ্য পণ্য হিসেবে এই শেডে স্তূপ করে রাখা হতো।
তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতি নিরূপণে বন্দর কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্তের প্রক্রিয়া চলছে।