রায়পুরে স্থানীয় ভোটে দলের সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে ব্যবস্থা, হুঁশিয়ারি এমপির

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া।

শনিবার (৩ অক্টোবর) সকালে রায়পুর উপজেলা বিএনপি কার্যালয়ে পাঁচ নম্বর চরপাতা ও ছয় নম্বর কেরোয়া ইউনিয়নের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কঠোর বার্তা দেন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, আমাদের নেতা তারেক রহমানের ভিশন বাস্তবায়ন করতে হলে কঠিন ঐক্য বজায় রাখতে হবে। চেয়ারম্যান, পুরুষ ও নারী সদস্য পদে দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবে, তার বাইরে গিয়ে কারও নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

দীর্ঘদিন দলের জন্য শ্রম, ঘাম ও অর্থ দেওয়া ত্যাগী নেতাকর্মীদের মনোনয়নে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন এই সংসদ সদস্য। পাশাপাশি বিজয় সুনিশ্চিত করতে কোনো এলাকায় দলের সরাসরি সম্পৃক্ত প্রার্থী না থাকলে স্থানীয়ভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে বিবেচনা করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন টিপু, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল রহমান ভূঁইয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয়ভাবে দল সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উপজেলা বিএনপি সংশ্লিষ্ট ইউনিয়নে একজন সমর্থিত প্রার্থী ঠিক করে দিতে পারে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকেও স্থানীয় বিএনপিকে সব ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।