খাগড়াছড়ির মাটিরাঙায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বলছেন, অন্ধকার থাকায় তারা হামলাকারী কাউকে স্পষ্টভাবে চিনতে পারেন নাই। তবে স্থানীয়রা নেতাদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পিটিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার আলুটিলা পুনর্বাসন পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—মাটিরাঙা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক আরিফুর রহমান সজল, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক ললিত ত্রিপুরা, ইউনিয়ন বিএনপির সদস্য প্রবীন্দ্র ত্রিপুরা এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সুমন ত্রিপুরা। তাদের মধ্যে প্রবীন্দ্র ও সুমনকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিএনপির কয়েকজন নেতাকর্মী পুনর্বাসন এলাকার একটি স্কুলের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ৩০ থেকে ৪০ জনের একটি দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে চারজন আহত হন।
হামলার বিষয়ে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্যরা এ হামলা চালিয়েছেন। তিনি দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
তবে আহত ব্যক্তিরা জানান, ঘটনার সময় এলাকায় অন্ধকার থাকায় হামলাকারীদের কাউকে তারা স্পষ্টভাবে চিনতে পারেননি।
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, এ ঘটনায় তদন্ত চলছে। জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।