মাটি খুঁড়তেই মিললো মর্টার শেল, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

খাগড়াছড়ির শালবন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা একটি পরিত্যক্ত মর্টার শেল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট।

শনিবার (২১ নভেম্বর) খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা নিষ্ক্রিয়কারী দল মর্টার শেলটি শহরের খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নিরাপদ স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে শালবন এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে মর্টার শেলটি দেখতে পান স্থানীয় এক কৃষক। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ কায় কিসলু জানান, মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া মর্টার শেলটি ৮২ মিলিমিটার ক্ষমতাসম্পন্ন। তবে এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করতো, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।