খাগড়াছড়িতে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ইজি বাইক এবং খেলাধুলায় উৎসাহিত করতে বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুরে খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) উদ্যোগে চেঙ্গী বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব উপকরণ হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ইজি বাইক হস্তান্তর করেন এবং শিক্ষার্থীদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীব। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে ৩২ বিজিবি। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ কমানো এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পাহাড়ি জনপদে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত সহজ হওয়া এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ তৈরি হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সন্তোষ দেখা গেছে।