মাদারীপুরের শ্বশুরবাড়ি থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের সরকারেরচর গ্রামের শিকদার বাড়ির থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, একটি কাঁঠাল গাছে মরদেহটি ঝুলছিল।
ওই ব্যবসায়ীর নাম নাইম হোসেন। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজানি এলাকার মোরশেদ মুন্সীর ছেলে।
স্থানীয়রা জানান, নাইমের দ্বিতীয় স্ত্রী আগের বিয়ের কথা গোপন রেখে বিয়ে করেন। পরে দ্বিতীয় স্ত্রীর চাপে প্রথম স্ত্রীকে তালাক দেন নাইম। তাদের সংসারে বিভিন্ন সময় কলহ লেগেই থাকতো। পরে বনিবনা না হওয়ায় বাবার বাড়িতে চলে আসেন দ্বিতীয় স্ত্রী।
তারা আরও জানান, রোববার রাত ১১টার দিকে নাইম তার শ্বশুরবাড়ি আসেন। কিন্তু স্ত্রী দরজা না খুলে মোবাইল বন্ধ করে রাখেন। ভোরে পাশের বাড়ির একজন কাঁঠাল গাছে মরদেহ ঝুলতে দেখে সবাইকে জানান। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের মামা এমদাদ হোসেন জানান, আমাদের ধারনা তাদের মধ্যে কলহের জেরে এ ঘটনা ঘটেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
শিবচর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, আমরা মরদেহ মাদারীপুর মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।