নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার ভোরে এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুল কুদ্দুছ (৫৫)। তিনি ময়মনসিংহের গফরগাঁও থানার মশাখালী এলাকার মৃত সাহাবুদ্দিনের ছেলে। আহতরা হলেন, চালক আবুল কালাম, যাত্রী শাহ আলম ও হামিদুল।
পুলিশ জানায়, ভোর পৌনে চারটার দিকে গোলাকান্দাইল মোড় থেকে সিনজিচালিত অটোরিকশা যোগে তিনজন যাত্রী কাঞ্চনের উদ্দেশে রওনা হন। ওই এলাকায় পৌঁছালে বিপরীতমুখগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ ঘটে। এসময় আহতদের মধ্যে গুরুতর আহত আব্দুল কুদ্দুছকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করেছেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।