নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা বাড়িচিনিস এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে হামলা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে উপজেলার মোগরাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নাজমুল খান শান্ত (২৭), হৃদয় (২৫) এবং সিয়াম (১৮)।
পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাজমুল খান শান্তর নেতৃত্বে ১০-১৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি চিনিষ এলাকায় মোমেন নামের এক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেন।
এ সময় দেশীয় অস্ত্র দিয়ে ঘরের দরজা-জানালা এলোপাতাড়ি কুপিয়ে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা আলমারি থেকে দুই লাখ ২০ হাজার টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় অভিযুক্তরা।
ঘটনার পর ভুক্তভোগী মোমেন মিয়া বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।
নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।