মুন্সীগঞ্জে দুই জন অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে আটটার দিকে সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্য মরদেহটি সকালে লৌহজং উপজেলার দক্ষিণ হলুদিয়া থেকে উদ্ধার করা হয়।
খাসকান্দি থেকে উদ্ধার অটোচালকের নাম মোহাম্মদ নেকবর হোসেন। তিনি মুন্সীগঞ্জের বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের বাসিন্দা। লৌহজং থেকে উদ্ধার হওয়া মরদেহটি অটোচালক মোহাম্মদ মোস্তফার।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. মুজাহিদুল ইসলাম জানান, এনআরবি ইট ভাটার পাশে আটোচালক নেকবরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লৌহজং থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম জানায়, সকালে লৌহজং উপজেলার দক্ষিণ হলুদিয়া এলাকায় একটি পুকুরে মোস্তফার মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। মোস্তফা রোববার অটো নিয়ে বের হয়ে আর বাড়িতে ফেরেনি।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাদের হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।