মানিকগঞ্জে লেগুনার পেছনে বাসের ধাক্কা, নিহত চার

মানিকগঞ্জে বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে এর চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর। আহত একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যজন মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে রয়েছেন দুই নারী ও দুই পুরুষ। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘিওরের বানিয়াজুরী থেকে ছেড়ে আসা একটি লেগুনা ভাটবাউর এলাকায় থামিয়ে যাত্রী ওঠানামা করছিল। এসময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে লেগুনাটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে চার মরদেহসহ আহতদের উদ্ধার করে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শরিফুল ইসলাম জানান, হতাহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খাদের মধ্যে আর কোনো যাত্রী  কিংবা লাশ আছে কিনা তা দেখা হচ্ছে।

সদর থানার অফিসার ইনচার্জ আবদুর রউফ সরকার জানান, লেগুনাকে ধাক্কা দেওয়া বাস আটকের চেষ্টা চলছে।