মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে

মুন্সীগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে একটি মালবাহী ট্রাক খালে পড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সদরের মুক্তারপুর-সিপাহীপাড়া সড়কের বনিক্যপাড়া অংশ এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, বনিক্যপাড়া এলাকায় বর্তমানে দুইটি বেইলি ব্রিজের একটি ভেঙে যাওয়ায় পাশে আরেকটি কংক্রিটের কালভার্ট নির্মাণ করা হচ্ছে। ওই কালভার্টের জন্য নির্মাণ সামগ্রী নিয়ে মুক্তারপুর থেকে গভীর রাতে একটি ট্রাক আনা হয়। দুর্ঘটনার সময় অন্য কোনো যানবাহন সেতুতে না থাকায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে ট্রাকের  চালক ও সহকারী সামান্য আঘাত পেয়েছেন। বিকল্প বেইলি সেতু থাকায় বর্তমানে তার ওপর দিয়ে যান চলাচল করছে।

মুন্সীগঞ্জ সড়ক ও জনপদের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা জানান, আরেকটি ব্রিজ সচল থাকায় যানবাহন চলাচলে তেমন সমস্যা হচ্ছেনা। এছাড়া নির্মাণাধীন ২২ মিটারের কংক্রিটের কালভার্টি যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্তমানে সড়কটিতে কোনো যানজট নেই।