মানিকগঞ্জ সদর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের মেঝের নিচ থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্ধা গ্রাম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নারীর পরিচয় জানতে পারেনি পুলিশ। নিহতের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে পুলিশের ধারণা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম শানবান্ধা গ্রামে বাবুল মিয়া নামের একজনের একটি নির্মাণাধীন একতলা বাড়ি রয়েছে। ওই বাড়িটির দরজা-জানালা এখনও লাগানো হয়নি। মঙ্গলবার বিকেলে ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এই দুর্গন্ধ পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
তারা আরও জানায়, সন্ধ্যায় সদর থানার নির্দেশনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাত নম্বর ওয়ার্ড সদস্য শামসুল হক বাড়িটির ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
ইউপি সদস্য শামসুল হক জানান, বাড়ির ভেতরে ঢুকে পশ্চিম-উত্তর পাশের একটি কক্ষের কাঁচা মেঝে থেকে দুর্গন্ধ পান তারা। পরে মেঝের মাটি সরালে তারা ওই নারীর বাম হাতের কবজি দেখতে পান। রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর মাটি খুঁড়ে রাত ১২টার দিকে অর্ধগলিত ওই নারীর মরদেহ উদ্ধার করে তারা।
তিনি আরও জানান, কেউ না থাকায় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাড়ির মালিক বাবুল কোথায় থাকেন তা এলাকাবাসী নিশ্চিত নয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার জানান, উদ্ধারের সময় অর্ধগলিত মরদেহের শরীরে কোনো পোশাক ছিলো না। কেউ ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহটি ওই বাড়ির মেঝের নিচে পুঁতে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।