মাদারীপুরের রাজৈরে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিলে একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের কামালদি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা যাত্রী খোকন কুণ্ডু মাদারীপুর সদরের বাজিতপুর কুণ্ডুপাড়া এলাকার আসুতোষ কুণ্ডুর ছেলে। তিনি পেশায় পান ব্যবসায়ী ছিলেন। আহত তিনজনের বাড়ি মাদারীপুর জেলার মোস্তফাপুর এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বরিশালগামী বেপরোয়া গতির সাকুরা পরিবহনের বাসটি অটোরিকশাটিকে ওভারটেক করতে গিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পান ব্যবসায়ী খোকন কুণ্ডু মারা যান। অটোরিকশার আরও তিনজন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাত রায় জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।