সময় মতো ভোট হবে, সবাই অংশ নেবে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, কে কি করছে তা জানার দরকার নেই। দেশে নির্বাচন হবে। আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি- এক সেকেন্ড অধিক সেদিক হবে না, সঠিক সময়েই ভোট হবে এবং সবাই ভোটে অংশ নেবে। এছাড়া কোনো গতি নেই। 

শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর নিজ সংসদীয় এলাকা পরিদর্শন করেন শামীম। পরিদর্শন শেষে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
এ সময় তার সঙ্গে ছিলেন- মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুসহ স্থানীয়রা।

এসময় শামীম ওসমান বলেন, খুব শিগগিরই বাবা-মার কবর জিয়ারত করে নির্বাচনের প্রচার শুরু করবো। ভবিষ্যতে শেখ হাসিনাকে যদি প্রধানমন্ত্রী করেন, আর আমি যদি নির্বাচনে দাঁড়াই এবং যদি বেঁচে থাকি তাহলেই ছোটখাটো কাজ নিয়ে চিন্তা করি না। নারায়ণগঞ্জ কে যে রূপের সাজানো চেষ্টা করছি সব কাজ হয়ে গেছে। আমি যদি কয়েক বছর বেঁচে থাকতে পারি তাহলে হসপিটাল, মেডিক্যাল কলেজসহ বিভিন্ন উন্নয়ন করা হবে। যাতে নারায়ণগঞ্জের মানুষকে আর ঢাকায় যেতে না হয়।