পরিচয় গোপন করে প্রেম ও বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নারায়ণগঞ্জে নিজেকে হিন্দু ধর্মাবলম্বী পরিচয় দিয়ে পোশাক শ্রমিক যুবতীর সঙ্গে প্রেম ও বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে জেলার রূপগঞ্জ উপজেলার বালিয়া পাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই যুবকের নাম শিমুল (২৬)। তিনি রাজশাহীর রাজপাড়া থানার বোলনপুর এলাকার বাসিন্দা।

ভিকটিমের দায়ের করা মামলার বরাত দিয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জুবায়ের হোসেন জানান, ভুলতা এলাকায় অবস্থিত এ ওয়ান পোলার নামে একটি গার্মেন্টসে চাকরি করেন সুনামগঞ্জের শাল্লা এলাকার ওই যুবতী (২২)। একই প্রতিষ্ঠানে চাকরি করেন শিমুল। প্রায় পাঁচ মাস আগে শিমুল নিজেকে হিন্দু ধর্মাম্বলী লোক পরিচয় দিয়ে ওই যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তেলো। পরে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। পরে ওই যুবতী বিয়ের কথা বললে শিমুল বিভিন্ন তালবাহানা শুরু করে। এমনকি ধর্ষণের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। 

তিনি জানান, ভিকটিম কোনো উপায় না দেখে অনলাইনের মাধ্যমে পুলিশের এন্টি টেররিজম ইউনিটে অভিযোগ দেন। পরে তাকে থানায় মামলার পরামর্শ দেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার রাতে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর এন্টি টেররিজম ইউনিটের সহায়তায় শনিবার দুপুরে শিমুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।